কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
মৌলভীবাজারের কুলাউড়ার আলীনগর সীমান্তে ভারতের অভ্যন্তরে মাগুরউলী এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি যুবক। তার নাম তারা মিয়া (২০)। তিনি কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।
রোববার ভোর ৪টার দিকে কুলাউড়ার আলীনগর সীমান্তের ১৮৪৫ এর ৬৩ এস পিলারের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের মাগুরুউরী এলাকায় এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ
বিজিবি জানায়, ভোর রাতে তারা মিয়াসহ ৪-৫ জনের একটি দল আলীনগর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় অনুপ্রবেশ করে। এ সময় সেখানকার বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই তারা মিয়া মারা যায়। তবে অন্য পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসে।
বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গুলির শব্দ পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন বিএসএফের পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
