৫০০ টাকা মজুরি ও নির্বাচনসহ নানা দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের গণবিক্ষোভ
মৌলভীবাজারের কুলাউড়ায় দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও গণবিক্ষোভ করেছেন চা-শ্রমিকরা। শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার দিলদারপুর চা-বাগানের শ্রমিকরা প্রায় ২ ঘণ্টা কাজ বন্ধ রেখে এই কর্মসূচি পালন করেন।
জানা গেছে, জাতীয় সংসদে উত্থাপিত চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি অবিলম্বে কার্যকর করা, চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে শ্রম অধিদপ্তরের ‘অযাচিত হস্তক্ষেপ’ বন্ধ করা এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এই বিক্ষোভের ডাক দেন শ্রমিকরা। এতে দিলদারপুর চা-বাগানের শতাধিক সাধারণ শ্রমিক ও স্থানীয় শ্রমিক নেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বাগান পঞ্চায়েত অ্যাডহক কমিটির সভাপতি সিতারাম কলের সভাপতিত্বে এবং বিকাশ পালের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির সদস্য সচিব জনক লাল দেশোয়ারা জনি।
বক্তব্য দেন সংস্কার কমিটির যুগ্ম আহ্বায়ক আকাশ দোষাদ, চা শ্রমিক নারী ফোরামের নেত্রী গীতা রাণী কানু, বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি বিকাশ চাষা, ক্লিবডন চা বাগানের শ্রমিক নেতা অজিত গোয়ালা, নারী শ্রমিক পঞ্চমী ভূমিজ, পূরবী রায় ও পপি রিখিয়াপন প্রমুখ।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চা-শ্রমিকদের দীর্ঘদিনের দাবি দৈনিক ৫০০ টাকা মজুরি এখনো বাস্তবায়ন করা হয়নি। অথচ বর্তমান বাজার পরিস্থিতিতে স্বল্প মজুরিতে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া শ্রম অধিদপ্তর চা শ্রমিক ইউনিয়নের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবৈধ হস্তক্ষেপ করছে, যা আমরা কোনোভাবেই মেনে নেব না।
বক্তারা অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একইসাথে হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নেওয়া না হলে আগামীতে রাজপথ অবরোধসহ আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
