সাভারে ডিবির অভিযানে এমপি নাসের রহমানের বিকৃত ভিডিও ছড়ানো আসামি গ্রেফতার
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ও বিকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম পারভেজ আলম খান (৩২)। এ নিয়ে চাঞ্চল্যকর এই সাইবার মামলায় মোট দুইজনকে গ্রেফতার করা হলো।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোরে ঢাকা জেলার সাভার থানাধীন মধ্য রাজাশন এলাকার একটি গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত পারভেজ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সে বর্তমানে সাভারে বসবাস করছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, নাসের রহমানের সম্মানহানি ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় দায়ের করা সাইবার মামলার ২ নম্বর আসামি ছিলেন পারভেজ আলম খান। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে ডিবির একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় পারভেজের অবস্থান শনাক্ত করে। এরপর সাভারের রাজাশন এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে এই একই মামলায় সৈয়দ তানভীর নামে আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছিল।
তিনি আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম অত্যন্ত গুরুত্বের সাথে চলমান রয়েছে। এ ঘটনার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী এবং ভিডিও তৈরির সাথে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশ নিরলসভাবে কাজ করছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
