রাজনগরে প্রবাসী স্বামীর সাথে অভিমান করে গৃহবধূর বিষপানে আত্মহত্যা
মৌলভীবাজারের রাজনগরে প্রবাসী স্বামীর সাথে মুঠোফোনে কথা কাটাকাটির জেরে বিষপান করে রাফি আক্তার (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কালদার গ্রামে বাবার বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত রাফি আক্তার কালদার গ্রামের আসকন মিয়ার মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে সিলেটের বিশ্বনাথ উপজেলার ছয়ত্রিশ গ্রামের নুর হোসেনের ছেলে হানিফ মিয়ার সাথে রাফি আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রায় দুই মাস আগে কলহের জেরে রাফি আক্তারকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চললেও কোনো সমাধান না করেই স্বামী হানিফ মিয়া পুনরায় প্রবাসে চলে যান। স্বামীর এমন আচরণে রাফি আক্তার মানসিকভাবে ভেঙে পড়েন।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাত থেকে স্বামী হানিফ মিয়ার সাথে রাফির মুঠোফোনে তীব্র কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার সকালে সবার অগোচরে নিজ ঘরে বিষপান করেন তিনি। পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
