শাল্লায় সাপের ছোবলে প্রাণ গেল নারীর
সুনামগঞ্জের শাল্লায় বিষাক্ত সাপের ছোবলে প্রাণ হারিয়েছেন অঞ্জনা বৈষ্ণব (৪৫) নামে এক নারীর। বুধবার (৫ আগস্ট) রাতে উপজেলার ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের ভেড়াডহর গ্রামের টেঙ্গিয়ারহাটি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের অজিত বৈষ্ণবের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন অঞ্জনা বৈষ্ণব। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। সাপের ছোবল খেয়ে তিনি চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। তারা সাপটিকেও দেখতে পান বলে জানিয়েছেন।
পরে গুরুতর অবস্থায় তাকে দ্রুত শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ভেড়াডহর, মেলা, মুছাপুর ও মির্জাকান্দা এলাকায় সম্প্রতি সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। প্রায়ই রাস্তাঘাট ও বসতবাড়ির আশপাশে বিভিন্ন প্রজাতির সাপ দেখা যাচ্ছে। এতে এসব এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা দ্রুত সাপের উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
নিহতের স্বজনরা জানান, হাসপাতাল থেকে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
