কানাইঘাটে পুলিশি অভিযানে ৪২ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেটের কানাইঘাট থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (২ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটের দিকে কানাইঘাট পৌরসভার ঢালাইরচর এলাকার আল রিয়াদ মোড়ে অভিযান চালায় পুলিশ। এসময় নিজ চাউরা উত্তর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আজমল হোসেন কালাকে (৩২) আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৯ হাজার টাকা মূল্যের ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে সোমবার (৩ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে এসআই জহিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কানাইঘাট বাজারে জনৈক এনাম উদ্দিনের পরিত্যক্ত দোকানে অভিযান চালায়। সেখান থেকে ইয়াবা বিক্রয়কালে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ডালাইচর গ্রামের মৃত সুলেমান আহমদের ছেলে জামাল উদ্দিন (৩২), নন্দিরাই গ্রামের মৃত ফখরুল ইসলামের ছেলে শাহাব উদ্দিন (৩৬) এবং একই গ্রামের মৃত আব্দুল রকিবের ছেলে শাহিন আহমদ (৪২)। এসময় তাদের হেফাজত থেকে ১২ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ১৩ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।
কানাইঘাট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
