ঘুঙ্গিয়াজুড়ি হাওরে অবৈধ বালু উত্তোলন: ভিডিও ভাইরাল হতেই জরিমানা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঘুঙ্গিয়াজুড়ি হাওরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা আদায় করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পানিউমদা ইউনিয়নের ঘুঙ্গিয়াজুড়ি হাওরে জনৈক এক লন্ডন প্রবাসীর নির্দেশে গত কয়েকদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে জায়গা ভরাট করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর গতকাল সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়।
ভিডিওটি প্রকাশের পর পরই নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন দ্রুত সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে হাওর থেকে বালু উত্তোলন করার অপরাধে পানিউমদা গ্রামের শেখর ইসলামকে (পিতা: নূর ইসলাম) ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ এর ৭(ক) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
