সুরের মূর্ছনায় ছাত্র-জনতার বীরত্বগাথা স্মরণ
সুরের মূর্ছনা, স্মৃতির আবেগ আর নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্পে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও আত্মত্যাগের স্মারকভিত্তিক সংগীত অনুষ্ঠান ‘গানে গানে জুলাই’। রক্তঝরা জুলাইয়ের সাহসের অগ্নিশিখা, শহীদদের মহান আত্মত্যাগ এবং সাধারণ মানুষের মুক্তির স্বপ্নকে সুরের ধারায় ধরে রাখতে এই ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জের ব্যবস্থাপনায় সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় শহরের ঐতিহ্যবাহী হাসন রাজা মিলনায়তনে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের পর্দা ওঠে।
আয়োজকরা জানান, জুলাই কেবল একটি মাসের নাম নয়; এটি আত্মমর্যাদার উচ্চারণ, সাহসের দীপ্ত প্রতীক এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার এক অবিনাশী স্মারক। যে জুলাই জাগিয়েছিল সাহসের অগ্নিশিখা আর লিখেছিল মানুষের মুক্তির গান, সেই চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন হাবিবুর রহমান সামির পল্লব এবং তাজকিরা হক তাজিন। তাঁদের প্রাণবন্ত উপস্থাপনায় বৈপ্লবিক ও দেশাত্মবোধক গান পরিবেশনার মাধ্যমে পুরো মিলনায়তন এক অনন্য আবেগময় পরিবেশে রূপ নেয়।
অনুষ্ঠানে সুনামগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্যের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের বিভীষিকা ও সাহসের চিত্র ফুটিয়ে তোলেন। এতে দলীয় সংগীত পরিবেশন করে জেশিএ সংগীত দল, জাসাস সুনামগঞ্জ জেলা শাখা, সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্র, লোকদল শিল্পীগোষ্ঠী, লোকজ সংগীত বিদ্যালয় এবং সুনামগঞ্জ জেলা বাউল সমিতির শিল্পীবৃন্দ। দলীয় নৃত্য পরিবেশন করেন বাতিঘর সংস্কৃতি চর্চা কেন্দ্রের শিল্পীরা। এছাড়া একক সংগীত পরিবেশন করেন শিল্পী সোহেল রানা ও রিপন চন্দ।
পুরো অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সদস্য সচিব মোনাজির হোসেন সুজন, জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ সদর জাসাস আহ্বায়ক আনোয়ার পারভেজ, জিল্লুর রহমান এবং যুবদল নেতা বিল্লাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ‘আমরা জুলাই যোদ্ধা’ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হাফিজুল ইসলাম রাজু, যুগ্ম আহ্বায়ক মহিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক তৌহিদ রহমান আছান, সদস্য আব্দুল কাইয়ুম সৌরভসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীবৃন্দ।
