বড়লেখায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনে প্রশাসনের প্রস্তুতি সভা
মৌলভীবাজারের বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।
সভায় দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা, বিভিন্ন ধর্মীয় ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। এছাড়া নতুন প্রজন্মের মধ্যে এই দিবসের তাৎপর্য ছড়িয়ে দিতে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক দুর্লভ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল হক, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী, যুব উন্নয়ন কর্মকর্তা জামাললুদ্দীন, উপ-সহকারী প্রকৌশলী মিয়া মোহাম্মদ মুরাদ, সমবায় কর্মকর্তা রোহেল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহ আলম এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকা।
রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, সহ-সভাপতি নসিব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মুহাম্মদ কামাল উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহমদ, উপজেলা ছাত্রদলের ফয়জুর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশ বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার সদস্য সচিব কিবরিয়া আল মাহমুদ, উপজেলা এনসিপির সদস্য সচিব মুহিবুর রহমান কামাল, যুগ্ম সদস্য সচিব ছমির রানা ও রবিন আহমদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তরুণ প্রজন্মের মধ্যে মুক্তি, গণতন্ত্র ও আত্মত্যাগের চেতনা জাগ্রত করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে।
