কার্যকর, ২২ ক্যারেট ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ের মাধ্যমে ভরিপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে। রোববার (২ আগস্ট) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর রয়েছে।
গত ৩১ জুলাই প্রকাশিত বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এছাড়া স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রেও আগের নিয়ম বহাল থাকবে।
এর আগে, ২৮ জুলাই ভরিপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৯৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৭ বার দাম বেড়েছে, ৪৯ বার কমেছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

