সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা
সিলেট মহানগরীতে নকল ও ভারতীয় অবৈধ সিগারেট বিক্রি এবং মজুদ রাখার অভিযোগে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও নকল প্যাকেটও জব্দ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেল আনুমানিক ৩টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে মহানগরীর শাহপরান (রহ.) থানার মাজার গেইট ও আম্বরখানা এলাকায় পৃথক এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন জানায়, শাহপরান (রহ.) থানার মাজার গেইট এলাকায় সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘বালাজি স্টোর’-এ অননুমোদিত ও ভারতীয় অবৈধ সিগারেট বিক্রি, মজুদ এবং তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
একই সময়ে মহানগরীর আম্বরখানা এলাকায় সহকারী কমিশনার জুয়েল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত আরেকটি মোবাইল কোর্টে একই ধরনের অপরাধে ‘ফরিদ স্টোর’কে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। অভিযান চলাকালে প্রায় ১ হাজার ২৭৪টি নকল প্যাকেট এবং দেশি-বিদেশি প্রায় ৮ হাজার শলাকা অবৈধ সিগারেট জব্দ করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব বলেন, ‘সিলেটের শাহপরান ও আম্বরখানা এলাকায় পরিচালিত পৃথক মোবাইল কোর্ট অভিযানে নকল ও অবৈধ সিগারেট বিক্রয়, মজুদ এবং তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১ লাখ ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে। সকল ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি ভেজাল ও অবৈধ পণ্য বিক্রয় ও মজুদ থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।’

