মাধবপুরে দুই শিল্পপ্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জের মাধবপুরে পরিবেশ দূষণের অভিযোগে দুই শিল্পপ্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
রোববার (২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক, হবিগঞ্জের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে উপজেলার গোকুলপুর ও ছাতিয়াইন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর আওতায় ‘গ্লোরি এগ্রো প্রোডাক্টস লিমিটেড’-এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। প্রতিষ্ঠানটির বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) যথাযথভাবে ব্যবহার না করে যত্রতত্র বর্জ্য নিষ্কাশনের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে বয়লারের পানি কন্ডেন্সার ছাড়া নিষ্কাশনের অভিযোগে ‘বিএইচএল পেপার মিলস’-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করেন।
উল্লেখ্য, সম্প্রতি গ্লোরি এগ্রো ও বিএইচএল পেপার মিলসের বর্জ্য ও দুর্গন্ধে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হওয়ার বিষয়টি নিয়ে ‘দৈনিক ভোরের ডাক’, ‘দৈনিক শ্যামল সিলেট’ ও ‘দৈনিক প্রভাকর’-সহ বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। স্থানীয় বাসিন্দারা দীর্ঘ দিন ধরে এই দূষণ বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম জানান, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

