জৈন্তাপুরে পচা মাংস বিক্রিয় দায়ে জরিমানা
সিলেটের জৈন্তাপুর বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের জৈন্তাপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম। তিনি জানান, বাজারে অভিযান চালিয়ে গরুর পচা মাংস বিক্রির সত্যতা পাওয়ায় মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম বলেন, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, সব ব্যবসায়ীকে আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য বিক্রির আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

