সিলেটে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল উদ্ধার
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানের মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। রোববার (২ আগস্ট) দিনব্যাপী পৃথক পৃথক অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।
জানা গেছে, সিলেট ব্যাটালিয়নের অধীন সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, প্রতাপপুর ও পান্থূমাই এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা গরু, কসমেটিকস, জিরা, মরিচ, কম্বল ও চিনি জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় বিপুল পরিমাণ দেশীয় রসুনও আটক করা হয়েছে। বিজিবি জানায়, জব্দ করা চোরাচালানের মালামালের আনুমানিক সিজার মূল্য ৯০ লাখ ১৫ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

