সিলেটে হামে মৃতের সংখ্যা ১১৪
সিলেট বিভাগে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত শনিবার আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত) নতুন করে ১৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৮ জনে।
স্বাস্থ্য বিভাগের বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, সর্বশেষ মৃত্যুর ঘটনায় সিলেট বিভাগে এ বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১৪ জনে পৌঁছেছে। এর মধ্যে সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। বাকি ১০৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আয়ান নামে তিন মাস ১৯ দিন বয়সী এক শিশু। সে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শানুরদিয়া গ্রামের শামীম মিয়ার ছেলে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত অথবা হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২২ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪২ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
অন্যদিকে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৬৭৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

