সুনামগঞ্জে প্রথম শ্রেণির শিশুকে ধর্ষণের প্রতিবাদে উত্তাল রাজপথ
সুনামগঞ্জ সদর উপজেলার বুড়িস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের পৈশাচিক ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের আলফাত স্কয়ারে ‘দাওয়াতুল হক্ব ইসলামী যুব সংঘ’ ও বুড়িস্থল এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।
প্রদ্যোত রঞ্জন দাশের সভাপতিত্বে এবং মো. আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সহকারী শিক্ষক নাঈমাহ সুলতানা এবং মো. শামসুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২৬ জুলাই হাসননগর এলাকার বাসিন্দা সাইফুল হক ওই শিশুকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। শিশুটির আর্তচিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত সাইফুলকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করেন। বর্তমানে শিশুটি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বক্তারা আরও বলেন, অভিযুক্ত সাইফুল হক ও তার পরিবারের সদস্যরা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের কারণে দীর্ঘ দিন ধরে এলাকার সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এই জঘন্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করে অভিযুক্তের ফাঁসি বা সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন শেষে বুড়িস্থল গ্রামের সামাজিক নিরাপত্তা জোরদার, নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে এলাকাবাসীর গণস্বাক্ষর সংবলিত একটি তালিকাও সংযুক্ত করা হয়। স্মারকলিপির অনুলিপি পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এই ঘটনার পর থেকে বুড়িস্থল ও হাসননগর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বর্তমানে জেলহাজতে রয়েছে এবং মামলার তদন্ত গুরুত্বের সাথে চলছে।
