কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
সিলেটের কানাইঘাট উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সুমাইয়া ফেরদৌস। বুধবার (২৯ জুলাই) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে কানাইঘাটে তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
সরকারি এক আদেশে গত ১৩ জুলাই সুমাইয়া ফেরদৌস সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেছিলেন। পরবর্তীতে ২৭ জুলাই তাঁকে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
বিসিএস ৩৬তম ব্যাচের (প্রশাসন) এই কর্মকর্তা এর আগে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) হিসেবেও কর্মরত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস কানাইঘাটের সার্বিক উন্নয়নে এবং সরকারি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজসহ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
