কানাইঘাটে এনসিপির পদযাত্রা ও গণসংযোগ বৃহস্পতিবার
সিলেটের কানাইঘাট উপজেলায় আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক বিশাল পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে কানাইঘাটে এনসিপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের একটি শক্তিশালী প্রতিনিধি দল অংশ নেবেন। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি এবং দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি পদযাত্রা ও গণসংযোগে অংশ নেবেন এনসিপি সিলেট জেলা ও মহানগর শাখা, জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি এবং শ্রমিক শক্তির জেলা ও মহানগর কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করেন এনসিপি কানাইঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ। ব্রিফিংয়ে এনসিপি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং কানাইঘাট উপজেলা চেয়ারম্যান পদে দলটির চূড়ান্ত প্রার্থী হাফিজ বুরহান উদ্দিন ইউসুফ বলেন, এনসিপির পদযাত্রাকে ঘিরে কানাইঘাটে এক অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের মধ্যে এই কর্মসূচি নিয়ে ব্যাপক আগ্রহ বিরাজ করছে। আমরা আশাবাদী, সারা দেশে এ পর্যন্ত অনুষ্ঠিত এনসিপির কর্মসূচিগুলোর মধ্যে কানাইঘাটের আয়োজনটি হবে অন্যতম সেরা এবং স্মরণীয়।
তিনি আরও জানান, কর্মসূচি সফল করতে উপজেলা জুড়ে পোস্টারিং, লিফলেট বিতরণ ও ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই পদযাত্রা একটি বিশাল জনসমুদ্রে পরিণত হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতৃবৃন্দ।
এই কর্মসূচির মাধ্যমে কানাইঘাটের সাধারণ মানুষের কাছে এনসিপির আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
