কুলাউড়ায় যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে এলজিইডির কর্মশালা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গ্রামীণ সড়ক নেটওয়ার্কের আধুনিকায়ন, গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ‘গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ’ শীর্ষক এই কর্মশালাটি বুধবার (২৯ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। কর্মশালায় উপজেলার বিদ্যমান সড়কগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলোর উন্নয়ন, নতুন সড়ক অন্তর্ভুক্তি এবং ভবিষ্যতে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ককে ফোর লেনসহ আধুনিক পাকা সড়কে রূপান্তরের বিস্তারিত প্রস্তাবনা তুলে ধরা হয়।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রীতম শিকদার জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার শিমুল কুমার কুন্ডু। তিনি জিআইএস (GIS) ম্যাপিংয়ের মাধ্যমে কুলাউড়া উপজেলার গ্রামীণ সড়ক নেটওয়ার্কের একটি চিত্র তুলে ধরেন এবং যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
মুক্ত আলোচনায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও নতুন প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু এবং যুবদল নেতা সিরাজুল ইসলাম রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা কুলাউড়ার টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে গ্রামীণ সড়কগুলোকে মানসম্মতভাবে সংস্কার ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন। এলজিইডির কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই কর্মশালার মাধ্যমে প্রাপ্ত প্রস্তাবনাগুলো যাচাই-বাছাই করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
