কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে পুলিশের এক বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি একনালা পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে অভিযুক্ত করে কমলগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত পৌনে ১১টায় শমশেরনগর বাজারের রাজমহল এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, একদল ব্যক্তি সেখানে আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাইয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে একটি পরিত্যক্ত একনালা পাইপগান উদ্ধার ও জব্দ করে। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ এই ঘটনার সাথে শমশেরনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের শরিফ মিয়ার ছেলে শাহান মিয়া (২৩)-এর সম্পৃক্ততা নিশ্চিত করেছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত যুবক অস্ত্রটি ফেলে দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে তাকে শনাক্ত করে কমলগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে পুলিশ।
