কুলাউড়া পৌর নির্বাচনে হাজী বাচ্চুর প্রার্থিতা ঘোষণা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের ঘনঘন নির্বাচন পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর প্যানেল মেয়র হাজী জয়নাল আবেদীন বাচ্চু। একইসঙ্গে তিনি আসন্ন কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন।
রোববার (২৮ জুলাই) রাত ৮টায় কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন এবং দলীয় সহকর্মীর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।
লিখিত বক্তব্যে হাজী জয়নাল আবেদীন বাচ্চু বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে বদরুজ্জামান সজল ৫ই আগস্ট পরবর্তী সময়ে একেক সময় একেক পদে নির্বাচন করার ঘোষণা দিচ্ছেন। এটি জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। একজন লোক কয়টি পদের ঘোষণা দেন? তিনি প্রথমে বিলবোর্ড টাঙিয়ে সংসদ নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে বর্তমান এমপির বাসায় সাংবাদিকদের উপস্থিতিতে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। আবার সবশেষ গত ২৭ জুলাই রাতে তিনি পৌর নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। তাই জনগণের মুখে এখন একটাই প্রশ্ন— সজল আসলে কোন নির্বাচন করবেন, তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না।
বাচ্চু আরও অভিযোগ করেন, সজলের এ ধরনের পরস্পরবিরোধী ঘোষণা দলের ভেতরে বিভাজন সৃষ্টি করবে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন,"আমি পৌরসভার জন্মলগ্ন থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছি এবং তিনবার প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছি। দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের ভালোবাসা আমাকে শক্তি ও প্রেরণা জুগিয়েছে। তাদের দাবির মুখেই আমি আসন্ন কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার সিদ্ধান্ত নিয়েছি।
মতবিনিময় সভায় তিনি কুলাউড়া পৌরসভার উন্নয়নে নিজের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
