প্রশাসনের সকল স্তরে সাইবার সিকিউরিটিতে দক্ষতা অর্জন অপরিহার্য: জেলা প্রশাসক
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বর্তমান ডিজিটাল যুগে প্রশাসনের স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখতে সকল স্তরের কর্মকর্তাদের সাইবার সিকিউরিটি বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, প্রশাসনের প্রতিটি কর্মকর্তাকে নিজ উদ্যোগে শিখতে হবে এবং নিজেকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে একটি দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলাই আমাদের লক্ষ্য। জনসেবা প্রদানে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা নিজ নিজ দপ্তরের সমস্যা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। জেলা প্রশাসক এসব সমস্যা সমাধানে লিখিত প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আতিকুল গনি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু ও আবজাল হোসেন।
এছাড়াও সভায় ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহ-সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম চৌধুরী, পল্লী বিদ্যুতের ডিজিএম সুপ্রিয়া জম্মাদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা পরিদর্শন করেন। সেখানে তিনি উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি ফেঞ্চুগঞ্জ থানা এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
