জগন্নাথপুরে সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষকদের দোরগোড়ায় সহজ শর্তে প্রাতিষ্ঠানিক কৃষি ঋণ পৌঁছে দেওয়া এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করার লক্ষ্যে এক আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ হল রুমে জগন্নাথপুরস্থ তফসিলি ব্যাংকসমূহের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক মো. জাবেদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল-আমীন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম এমদাদুল হক।
ব্যাংক এশিয়ার জোনাল এক্সিকিউটিভ অফিসার আশিকুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক এশিয়া সিলেট পূর্বাঞ্চলের এফভিপি ও জোনাল হেড নাজমুস সাকিব। কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জুয়েল মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মো. জাবেদ আহমদ বলেন, সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে বদ্ধপরিকর। ব্যাংকিং সেবাকে কৃষকদের জন্য আরও সহজলভ্য ও আস্থাশীল করতেই এই প্রচারণা ও ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধিতে এই ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, প্রকৃত কৃষকরা যাতে হয়রানিমুক্ত পরিবেশে ঋণ পেতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসন ও ব্যাংকগুলো সমন্বিতভাবে কাজ করছে।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত উপকারভোগী কৃষকদের হাতে কৃষি ঋণের ডেমো চেক ও পে-অর্ডার তুলে দেন। অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলার সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপক, কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
প্রতিবেদন: গোলাম সারোয়ার
