জগন্নাথপুরে মা ও শিশুর সামাজিক সুরক্ষা ও পুষ্টি নিশ্চিতকরণে কর্মশালা
সুনামগঞ্জের জগন্নাথপুরে মা ও শিশুদের সামাজিক সুরক্ষা এবং পুষ্টিমান শক্তিশালীকরণের লক্ষ্যে এক বিশেষ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
কেয়ার বাংলাদেশের আয়োজনে এবং ‘দ্য চার্চ অব জেসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেন্টস’-এর সহায়তায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, জাতীয় পুষ্টি পরিষদের ডেপুটি ডিরেক্টর ডা. রওনক জাহান ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাওসার আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশের টিম লিডার মোহাম্মদ হাফিজুল ইসলাম ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, হাওরাঞ্চলের গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ক্ষুদ্র-পুষ্টি উপাদান ও পুষ্টিকর গুঁড়োর ব্যবহার আরও বাড়ানো প্রয়োজন। পাশাপাশি জিংক সমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, নারীদের 'পুষ্টি উদ্যোক্তা' হিসেবে গড়ে তোলা এবং জলবায়ু-সহনশীল কৃষি ও নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জানানো হয়, জগন্নাথপুর উপজেলায় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ৭৬,৩৫৩ জন মানুষের পুষ্টি নিরাপত্তায় বিশেষ প্রকল্প কাজ করছে। ইতোমধ্যে ৬৫৭ জন শিশুকে 'পুষ্টিকণা' দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ২,০০০ শিশুকে এই সেবার আওতায় আনা হবে। এছাড়া স্থানীয় জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান তৈরি এবং সুবিধাবঞ্চিত মায়েদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার আহ্বান জানান বক্তারা।
কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
