বাশার-খায়ের নেতৃত্বে মাধবপুর বেসরকারি হাসপাতাল মালিক সমিতির নতুন কমিটি
হবিগঞ্জের মাধবপুর উপজেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আবুল বাশার সভাপতি এবং গোপন ব্যালটের মাধ্যমে মো. আবুল খায়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় মাধবপুর উপজেলার একটি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের বিদায়ী সভাপতি এশেদুল হক জিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ ইমদাদ এবং হবিগঞ্জ এ.কে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিসবাহ।
সম্মেলনে সরাসরি নির্বাচনের মাধ্যমে ওবায়দুর রহমান রাসেল সাংগঠনিক সম্পাদক এবং তপন দেব রায় কোষাধ্যক্ষ নির্বাচিত হন। পরবর্তীতে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল হক, সহ-সভাপতি মো. জহির উদ্দিন ভূইয়া (শিহাব), যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ নবীর হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সামছুল আলম, দপ্তর সম্পাদক উজ্জ্বল খাঁন, প্রচার সম্পাদক হাফেজ শামসুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক সুমন দাস এবং সহকারী সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আবুল হোসেন কয়েস।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইমরুল হাসান বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য নীতিমালা যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেন। তিনি বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সকল প্রতিষ্ঠানের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সর্বদা হালনাগাদ রাখতে হবে। জনস্বার্থে কোনো প্রকার অনিয়ম বরদাশত করা হবে না।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মাধবপুরের বেসরকারি স্বাস্থ্য খাতের মানোন্নয়নে এবং রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
