নবীগঞ্জে মহাসড়কে ঝরল দক্ষিণ সুরমার ট্রাকচালকের প্রাণ
হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মো. আলমগীর মিয়া (৪০) নামে এক ট্রাকচালক। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকার মুনিম ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত মো. আলমগীর মিয়া (৪০) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোহাম্মদপুর গ্রামের ইছকন্দর আলীর ছেলে।
পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস আউশকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালক আলমগীর মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। আহতদের স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে চলা বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক মো. আলমগীর মিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
