মাদক নির্মূলে প্রয়োজন সমন্বিত সামাজিক আন্দোলন
জৈন্তাপুরে মতবিনিময় সভায় বক্তারা
সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাদক নির্মূলে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের লক্ষ্যে জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মাদক মুক্ত আন্দোলন জৈন্তাপুর এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় জৈন্তাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা যুবসমাজ ও পরিবারসহ গোটা সমাজব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজকে সচেতন করতে এবং মাদকবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখতে পারেন।
বক্তারা আরও বলেন, শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ‘মাদক মুক্ত আন্দোলন জৈন্তাপুর’-এর প্রধান উপদেষ্টা মুফতি মাওলানা সাঈদ আহমদ। জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মাদক নির্মূলে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি ফাহাদুজ্জামান ফাহাদ এবং উপদেষ্টা মাওলানা মুজম্মিল হেলালী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক সালমান শাহ, সদস্য ফয়েজ আহমদ, নুরুল ইসলাম, শাহজান কবীর খান, মীর শোয়েব আহমদ এবং ‘মাদক মুক্ত আন্দোলন জৈন্তাপুর’-এর সদস্য নুরুল ইসলাম, মাওলানা শাব্বির আহমদ, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

