শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় এক্স-রে সেবা চালু
দীর্ঘদিন বন্ধ থাকার পর সুনামগঞ্জের দুর্গম হাওরাঞ্চল শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় এক্স-রে সেবার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন।
জানা গেছে, টেকনোলজিস্টের অভাবে দীর্ঘ সময় ধরে হাসপাতালের গুরুত্বপূর্ণ এই এক্স-রে মেশিনটি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। পুনরায় সেবাটি চালু হওয়ায় এখন থেকে স্থানীয় রোগীরা সুলভে এক্স-রে সুবিধা পাবেন।
সেবাটি উদ্বোধনের আগে জেলা সিভিল সার্জন হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ড এবং রান্নাঘরসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। তিনি চিকিৎসাসেবার সার্বিক মান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা, ডা. যশোবন্ত ভট্টাচার্য, শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত আইচ মজুমদার, ডা. রাজিব বিশ্বাস ও ডা. উমর ফারুক।
রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ও আব্দুল করিম মাস্টারসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন বলেন, শাল্লা একটি দুর্গম হাওরাঞ্চল। এখানকার মানুষের জন্য নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। চিকিৎসক ও জনবল সংকটের বিষয়টি আমরা অবগত আছি এবং তা নিরসনে আন্তরিকভাবে চেষ্টা করছি। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।
এক্স-রে সেবা পুনরায় চালু হওয়ায় হাওরাঞ্চলের পিছিয়ে পড়া সাধারণ মানুষের চিকিৎসায় নতুন গতির সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

