আকাবিরের আদর্শ লালন করেই জমিয়তের রাজনীতি করতে হবে
কেন্দ্রীয় যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জী বলেছেন, আকাবিরে উলামায়ে কেরামের আদর্শ, চিন্তা-চেতনা ও ত্যাগের মহিমাকে লালন করেই জমিয়তের রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। আদর্শনিষ্ঠ, সুশিক্ষিত ও দায়িত্বশীল যুবসমাজই আগামী দিনের জমিয়তের প্রধান শক্তি।
বুধবার (১৫ জুলাই) দুপুরে সিলেট নগরীর বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরী শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘২৪-এর জুলাই: জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জী আরও বলেন, ২৪-এর জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং জমিয়তের গৌরবোজ্জ্বল অবদান সম্পর্কে যুবসমাজকে সচেতন করা সময়ের দাবি। তিনি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
সভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ইউরোপ জমিয়ত নেতা ও সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা লোকমান আহমদ খানকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, কেন্দ্রীয় যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা কবীর আহমদ, মাওলানা রইছ উদ্দিন, মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ফয়জুল হাসান খান, মাওলানা আব্দুল হাসিব খান, যুব জমিয়ত সিলেট দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মনছুর আহমদ প্রমুখ।
এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ—মাওলানা ফরহাদ কোরাইশী, মুফতী সিরাজুল ইসলাম, হাফিজ খলিলুল্লাহ মাহবুব, মুফতী নোমান বিন আফসারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা যুবসমাজকে দ্বীনি মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তিতে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

