দোয়ারাবাজারে শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে গাছের চারা ও জৈবসার বিতরণ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে উন্নত জাতের গাছের চারা, জৈবসার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কৃষকদের হাতে ফলজ, বনজ, ঔষধি ও লেবুর চারা এবং জৈবসারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ।
এসময় আরও উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মো. আব্দুল মুমিন, কৃষিবিদ আশ্রাফুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, বাবুল রায়, আবুল খায়ের প্রমুখ।
বিতরণকালে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চারা রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি হবে। পাশাপাশি কৃষকদের মাঝে জৈবসারের ব্যবহার বৃদ্ধি পেলে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমবে এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত হবে। একটি সবুজ ও টেকসই দোয়ারাবাজার গড়তে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-প্রতিনিধি, প্রান্তিক কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
