দ্রুতই প্রকাশ পাবে জৈন্তাপুরের মাদক কাণ্ডের চূড়ান্ত প্রতিবেদন
সিলেটের জৈন্তাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় চলমান তদন্ত নিয়ে কোনো ধরনের মনগড়া মন্তব্য বা বিভ্রান্তি না ছড়াতে আহ্বান জানিয়েছে তদন্ত কমিটি। যথাযথ বিচার বিশ্লেষণ শেষে দ্রুততম সময়ের মধ্যে সমন্বিত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির প্রধান।
১৪ জুলাই (মঙ্গলবার) তদন্ত কমিটির আহ্বায়ক ও উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি দুই ব্যক্তির মাদক সেবনের ভিডিও ভাইরালের ঘটনাটি তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে কমিটির সদস্যদের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়েছে। তদন্ত প্রক্রিয়ায় ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে এখনো চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি।
কমিটির আহ্বায়ক ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষের সাথে আলোচনা বা কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ তদন্তের ফলাফল নিয়ে মনগড়া ও ভিত্তিহীন মন্তব্য প্রচার করছেন, যা অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা সুষ্ঠু তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। তিনি গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।
উল্লেখ্য, গত ১ জুলাই জৈন্তাপুরের নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলীর মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। চেয়ারম্যান ইন্তাজ আলী ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে দাবি করে এর সত্যতা অস্বীকার করেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে ২ জুলাই ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অতিউৎসাহী মহলের নেতিবাচক মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে জৈন্তাপুর প্রেসক্লাব। প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, তারা শুরু থেকেই উভয় পক্ষের বক্তব্য এবং বস্তুনিষ্ঠ তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। সাংবাদিকরা তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় থাকলেও একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে, যা সাংবাদিক সমাজ কখনোই কাম্য মনে করে না।
তদন্ত কমিটি আশ্বস্ত করেছে যে, সামগ্রিক তথ্য-উপাত্ত বিচার বিশ্লেষণ শেষে খুব শীঘ্রই ঘটনার প্রকৃত সত্য উন্মোচন করে চূড়ান্ত প্রতিবেদন জনসমক্ষে উপস্থাপন করা হবে।

