দোয়ারাবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
'তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিই সুন্দর আগামীর গড়ি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এই সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সামসুদ্দিন খানের সভাপতিত্বে এবং পাণ্ডারগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রেদওয়ানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে.এম. আবদুল্লাহ আল-মামুন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অরুপ রতন সিংহ বলেন, একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়তে পরিকল্পিত পরিবার ও মাতৃ-শিশু স্বাস্থ্য সুরক্ষার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি এবং তাদের সঠিক পথে পরিচালিত করতে পারলেই আগামীর সুন্দর বাংলাদেশ নিশ্চিত হবে।
তিনি মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও বেগবান করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কর্মক্ষেত্রে অনন্য সফলতার স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
ব্যক্তিগত ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী হিসেবে সম্মাননা লাভ করেন—নরসিংপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোছা. সাজেদা বেগম, পাণ্ডারগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রেদওয়ানুর রহমান এবং বাংলাবাজার ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) মোছা. কোহিনুর আক্তার।
এছাড়া শ্রেষ্ঠ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা পার্টনার ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে পাণ্ডারগাঁও ইউনিয়ন পরিষদ সম্মাননা অর্জন করে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
