পুলিশের জালে ছিনতাইকারী চক্রের দুই সদস্য, প্রাইভেটকার জব্দ
সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে হানিট্র্যাপের মাধ্যমে ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ছিনতাইকৃত একটি আইফোন XS Max মোবাইল ফোন উদ্ধার এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার ( ১০ জুলাই) এসআই মোশাররফ হোসেন, এসআই দীপংকর তালুকদার ও সঙ্গীয় ফোর্স সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হানিট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন তুরুকখলার সেবুল আহমদের ছেলে তাসিন হোসেন আবির (১৮) ও গ্রাম সুড়িগাঁওয়ের আব্দুস সালামের ছেলে জাবেদ আহমেদ (২০)।
অভিযানকালে তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি আইফোন XS Max মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৩-৪৭৬২ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চক্রের এক নারী সদস্য টিকটকের মাধ্যমে বিয়ানীবাজার উপজেলার আরিফ উর রহমান (২১)-এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ৪ জুলাই গোলাপগঞ্জের ড্রিমল্যান্ড পার্কে সাক্ষাতের পর ওই নারী ভুক্তভোগীকে মোটরসাইকেলে করে মোগলাবাজার থানার দাউদপুর তুরুকখলা এলাকায় পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।
রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নির্ধারিত স্থানে পৌঁছালে নারী সদস্যসহ গ্রেফতার হওয়া দুই আসামি এবং তাদের আরও এক সহযোগী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগীকে মারধর করে তার ব্যবহৃত Suzuki Gixxer মোটরসাইকেল ও একটি iPhone XS Max মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় মোগলাবাজার থানায় পেনাল কোড, ১৮৬০-এর ৩৯৪ ধারায় মামলা (মামলা নং-০৫, তারিখ: ১০ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার এবং চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

