প্যারিসে সমাজকর্মী আব্দুল আজিজ মাসুককে দুই সংগঠনের সংবর্ধনা
সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, শিক্ষানুরাগী ও সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক-এর ফ্রান্স সফর উপলক্ষে তাঁকে প্রাণঢালা সংবর্ধনা দিয়েছে ফ্রান্সের জনপ্রিয় দুই প্রবাসী সংগঠন। সোমবার (২৯ জুন) রাজধানী প্যারিসের সুরমা রেস্টুরেন্টে ‘গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স’ এবং ‘বালাগঞ্জ উপজেলা সমাজকল্যাণ ট্রাস্ট ফ্রান্স’-এর যৌথ উদ্যোগে এই পৃথক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি এবং দ্বিতীয় পর্বে বালাগঞ্জ উপজেলা সমাজকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আব্দুল আজিজ মাসুককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথি আব্দুল আজিজ মাসুক তাঁর বক্তব্যে বলেন, প্রবাসীরা কেবল দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন না, বরং নিজ এলাকার শিক্ষা ও সমাজসেবাতেও অনন্য ভূমিকা রাখছেন। প্রবাসীদের এই ঐক্য ও মানবিক উদ্যোগ দেশের উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
তিনি এই সম্মাননার জন্য আয়োজক সংগঠন ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় বক্তারা আব্দুল আজিজ মাসুকের বর্ণাঢ্য কর্মজীবনের ওপর আলোকপাত করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা ও প্রবাসীদের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছেন। পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং দেওয়ান আব্দুর রহিম দ্বি-পাক্ষিক হাইস্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য হিসেবে তাঁর অবদান বিশেষ প্রশংসার দাবি রাখে। তাঁর এই মানবিক কাজ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স-এর সভাপতি লকুছ মিয়া-র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনামুল হক-এর সঞ্চালনায় প্রথম পর্বের সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা তফজ্জুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ, সহ-সভাপতি ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আরশ আলী, প্রচার সম্পাদক ফুজায়েল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, সহ আইন বিষয়ক সম্পাদক রাইজুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য সুলাইমান আহমদ ও আব্দুল জলিল প্রমুখ।
দ্বিতীয় পর্বে বালাগঞ্জ উপজেলা সমাজকল্যাণ ট্রাস্ট ফ্রান্সের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানেও সভাপতিত্ব করেন লকুছ মিয়া। এ সময় ফ্রান্সপ্রবাসী বালাগঞ্জ ও গহরপুর অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আব্দুল আজিজ মাসুকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আগামীতেও তাঁর সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
