গোয়াইনঘাটে বিজিবির জনসচেতনতামূলক সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প
সিলেটের গোয়াইনঘাটে ‘সীমান্ত সুরক্ষায় সচেতনতা এবং মানবতার সেবায় এগিয়ে চলছে ৪৮ বিজিবি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জনসচেতনতামূলক সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র উদ্যোগে সীমান্তবর্তী স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। ৪৮ বিজিবির সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।
সভায় সীমান্তবর্তী অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিজিবি কর্মকর্তারা শিক্ষার্থীদের সীমান্ত আইন, সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং চোরাচালান দমনে তরুণ প্রজন্মের ভূমিকা ও করণীয় সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে রচনা, কন্টেন্ট তৈরি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
বিকেলের সেশনে সীমান্ত এলাকার সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘ফ্রি মেডিকেল ক্যাম্পিং’ পরিচালনা করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৫০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং সীমান্তবাসীর দোড়গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিজিবির এই মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
বক্তারা বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় বিজিবির এমন কার্যক্রম সীমান্ত এলাকার মানুষের মাঝে আত্মবিশ্বাস ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
