দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মরহুম আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’।
শনিবার (২০ জুন) সকাল ১০টা ২০ মিনিটে উপজেলার সুরমা ইউনিয়নের সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত। 'শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আমরা কাজ করি'—এই স্লোগানকে সামনে রেখে ফাউন্ডেশনটি এই বৃত্তির আয়োজন করে।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রথম মেধাবৃত্তি পরীক্ষায় ইউনিয়নের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির প্রায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা সনদ (সার্টিফিকেট) প্রদান করা হয়।
ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আর্থিক পুরস্কারের পাশাপাশি সর্বমোট ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এ ছাড়াও অংশগ্রহণকারী সকল সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রতি ডিসেম্বরে ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও ১ লক্ষ টাকার বিশেষ শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।
পরীক্ষা চলাকালীন বিভিন্ন হল পরিদর্শন করেন সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অসীম মোদক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল আউয়াল, শিক্ষক স্বাধীন মাহমুদ জালাল, তৌহিদুল ইসলাম, হোসাইন মোহাম্মদ এমরাজ এবং বদিউজ্জামান মুরাদ। এ সময় ফাউন্ডেশনের প্রতিনিধি দল ও একঝাঁক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী ও আত্মবিশ্বাসী করে তুলবে। তারা ভবিষ্যতে এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আয়োজক কমিটির প্রতি আহ্বান জানান।
ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, মরহুম আব্দুল আজিজ মাস্টারের আদর্শ ও স্মৃতি রক্ষায় এবং এলাকার শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতেই তাদের এই পথচলা অব্যাহত থাকবে।
