সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদসহ ক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের একজন নিবেদিতপ্রাণ উপদেষ্টা। সংসদ সদস্য থাকাকালীন তিনি এই প্রেসক্লাবের উন্নয়নে অসামান্য অবদান রেখেছিলেন। তিনি সাংবাদিকদের অত্যন্ত সম্মান করতেন এবং স্থানীয় সাংবাদিকদের সুখ-দুঃখে সব সময় ছায়ার মতো পাশে থাকতেন।
নেতৃবৃন্দ আরও বলেন, কানাইঘাটের সামগ্রিক উন্নয়ন, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে শিক্ষা বিস্তারে তিনি যে অনন্য ভূমিকা রেখেছেন, তা এই অঞ্চলের মানুষ চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। তাঁর মতো একজন সর্বজন শ্রদ্ধেয় ও সাদা মনের মানুষের মৃত্যুতে কানাইঘাটবাসী একজন অভিভাবককে হারালো।
বিবৃতিতে নেতৃবৃন্দ পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।
