দক্ষিণ সুরমায় সংবর্ধিত ফ্রান্স প্রবাসী যুবদল নেতা অলি
ফ্রান্সের প্যারিস মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং দক্ষিণ সুরমা থানা সমাজকল্যাণ সংস্থা ফ্রান্সের মুখ্য সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি স্বদেশে আগমন উপলক্ষে সিলেটে রাজকীয় সংবর্ধনায় সিক্ত হয়েছেন। শনিবার (১৩ জুন) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ গণসংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
তেতলি ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা অলিউর রহমান অলিকে বরণ করে নিতে চন্ডিপুল এলাকায় দলীয় নেতাকর্মী, প্রবাসী পরিবার, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। উপস্থিত জনতা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসায় বরণ করে নেন।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, অলিউর রহমান অলি দীর্ঘ সময় প্রবাসে থাকলেও নাড়ির টান ভুলেননি। বিদেশের মাটিতে থেকেও তিনি দক্ষিণ সুরমাসহ বৃহত্তর সিলেটের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করেছেন। তাঁর মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রবাসীদের কল্যাণ এবং এলাকার উন্নয়নে তাঁর নিরলস শ্রম তাঁকে একজন জনহিতৈষী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সংবর্ধনার জবাবে অলিউর রহমান অলি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসে থাকলেও আমার মন সবসময় এই মাটির মানুষের কাছেই ছিল। জন্মভূমির টানেই আমি বারবার ফিরে আসি। মানুষের ভালোবাসা ও দোয়াই আমার মূল শক্তি। আগামীতে এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নে আমি নিজেকে আরও নিবিড়ভাবে উৎসর্গ করতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি, তেতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল আলী, সিলেট জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুল করিম নুহেল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাদেক আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আহমেদ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা রফিক আহমদ এবং জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক ইমরান আলী এনাম প্রমুখ।
সভার শেষ পর্বে উপস্থিত নেতৃবৃন্দ অলিউর রহমান অলির সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দক্ষিণ সুরমার উন্নয়নে তাঁর সক্রিয় উপস্থিতি প্রত্যাশা করেন।
