নিরাপদ ঈদ নিশ্চিত করতে কানাইঘাটে পুলিশের বিশেষ মবিলাইজেশন মহড়া
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সিলেটে কানাইঘাট থানা পুলিশের বিশেষ মবিলাইজেশন মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) দিনভর কানাইঘাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই মহড়া পরিচালিত হয়।
কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নূরে আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এ মহড়ায় জেলা পুলিশ ও থানা পুলিশের বিভিন্ন ইউনিট, টহল দল ও বিশেষ ফোর্সের সদস্যরা অংশগ্রহণ করেন।
থানা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই মহড়াটি কানাইঘাট উপজেলার প্রধান প্রধান সড়ক, বাজার, জনসমাগমপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো প্রদক্ষিণ করে। মহড়াকালে পুলিশ সদস্যরা আধুনিক কৌশলে টহল কার্যক্রম, যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের সক্ষমতা প্রদর্শন করেন। বিশেষ করে কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ এবং মাদকবিরোধী অভিযান জোরদার করতে পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।
এ বিষয়ে কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নূরে আলম বলেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে কানাইঘাট থানা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে অপরাধী ও মাদক ব্যবসায়ীদের দমনে পুলিশ সার্বক্ষণিক মাঠে কাজ করছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে। জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা চোখে পড়লে দ্রুত থানায় যোগাযোগ করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
এদিকে পুলিশের এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ। তারা মনে করেন, পুলিশের নিয়মিত মবিলাইজেশন মহড়া ও নজরদারি বৃদ্ধির ফলে অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বাড়বে। কানাইঘাট থানা পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে আইন মেনে চলা এবং যেকোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
