বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল বঞ্চিত ৫০ পরিবার
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের সংবাদ প্রকাশের পর তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন। সংবাদ প্রকাশের একদিনের মাথায় বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সুবিধা বঞ্চিত প্রায় অর্ধশত দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার হাদারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব চাল বিতরণ করেন ইউপি প্রশাসক বদরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুঃস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ উঠে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য পদ্মা দেবী সিংহের বিরুদ্ধে। ২ ও ৩ নং ওয়ার্ডের অনেক অসহায় নারী-পুরুষ চাল না পেয়ে ফিরে যান এবং মেম্বারের বিরুদ্ধে অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ তোলেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এর পরিপেক্ষিতে বৃহস্পতিবার ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে সুবিধা বঞ্চিতদের খুঁজে এনে তাদের প্রাপ্য চাল বুঝিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার চাল না পেয়ে ফিরে আসা কয়েকজন সুবিধাভোগী জানান, ওই দিন সারাদিন বসে থেকেও মেম্বার পদ্মা দেবী তাদের চাল দেননি। কিন্তু সংবাদ প্রকাশের পর আজ ইউপি প্রশাসক নিজে তাদের খুঁজে এনে চাল দিয়েছেন। এতে তারা অত্যন্ত খুশি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মেম্বার না থাকায় তারা অনেক সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন।
এ বিষয়ে ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক বদরুল ইসলাম বলেন, ভিজিএফের চাল বিতরণের দিন টোকেনধারী অনেকে উপস্থিত না হওয়ায় ৫০ কেজি ওজনের প্রায় ৭ বস্তা চাল স্টকে থেকে গিয়েছিল। বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে ইউএনও স্যারকে অবহিত করি। পরবর্তীতে আজ সুবিধা বঞ্চিতদের খুঁজে এনে চালগুলো বিতরণ করা হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, বিছনাকান্দিতে চাল বিতরণে অনিয়মের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কোনো গাফিলতি বা অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
