ফেঞ্চুগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা
সিলেটের ফেঞ্চুগঞ্জে পরীক্ষা কেন্দ্র থেকে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে অভিযুক্ত করে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলা (নং-৯, তারিখ-২০ মে) রুজু করেছেন।
মামলায় অভিযুক্তরা হলেন— রাজনপুর গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী ও ফেঞ্চুগঞ্জ বাজারের একটি জুতার দোকানের কর্মচারী সাইফুল ইসলাম (২৪) এবং তার ভগ্নিপতি জহির মিয়া (৩৫)। সাইফুল ইসলাম কুলাউড়া উপজেলার ফরিদ মিয়ার ছেলে।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ মে সকালে ওই ছাত্রীকে পরীক্ষার জন্য ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। পরীক্ষা শেষে দুপুর বেলা তাকে আনতে গিয়ে পরিবার জানতে পারে সে কেন্দ্র থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
পরবর্তীতে ভিকটিমের এক সহপাঠীর মাধ্যমে পরিবার জানতে পারে, অভিযুক্ত সাইফুলের সঙ্গে ওই ছাত্রীর গত এক মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। বাদীর অভিযোগ, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তার নাবালিকা বোনকে প্রলোভন দেখিয়ে আসছিল এবং গত ১৭ মে তার ভগ্নিপতি জহির মিয়ার সহযোগিতায় তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
মামলার বাদী মো. আবু তায়েফ তার বোনকে দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে অপহরণ মামলা রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্তরা গ্রেপ্তার এড়াতে ঘনঘন স্থান পরিবর্তন করছে। তবে পুলিশের তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ট্র্যাকিং অব্যাহত আছে। ভিকটিমকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে আমাদের বিশেষ অভিযান চলছে।
