শাল্লায় বর্ণাঢ্য আয়োজনে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’ উদ্বোধন
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) সকালে শাল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা থানার এসআই মো. শাহজাহান, শাল্লা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আ. রাজ্জাক এবং উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকরামুল ইসলাম। জহির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ফায়ার সার্ভিস লিডার জয়ন্ত সিংহের নেতৃত্বে আয়োজিত অগ্নিনির্বাপণী ও উদ্ধার মহড়া। মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকালীন পরিস্থিতিতে কীভাবে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা যায়, তা হাতে-কলমে প্রদর্শন করেন। ফায়ারম্যানদের এই দক্ষতা ও পেশাদারিত্ব উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও পিয়াস চন্দ্র দাস বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে সাধারণ মানুষের জানমাল রক্ষা করেন। দুর্যোগ মোকাবিলায় তাদের এই প্রস্তুতি ও আধুনিক সরঞ্জামের ব্যবহার প্রশংসনীয়। তবে কেবল ফায়ার সার্ভিস নয়, অগ্নিকাণ্ড রোধে সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত জরুরি।
অন্যান্য বক্তারা নিরাপদ সমাজ গঠনে ফায়ার সার্ভিসের গুরুত্ব তুলে ধরেন এবং যেকোনো জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। আগামী এক সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে জনসচেতনতামূলক প্রচারণা ও মহড়া অব্যাহত থাকবে বলে স্টেশন সূত্রে জানানো হয়েছে।
