কানাইঘাটে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কানাইঘাট উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে র্যালি, আলোচনা সভা ও ফিতা কাটার মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক সূচনা হয়।
সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী এবং সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিসের সামনে এসে শেষ হয়।
পরে ভূমি অফিসের সামনে স্থাপিত বিশেষ সেবা কেন্দ্রে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহদী হাসান শাকিল।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘ডিজিটাল ভূমিসেবা ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনা’ বিষয়ে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মেহদী হাসান শাকিল বলেন, বর্তমান সরকার ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এখন ই-নামজারি, খতিয়ান কিংবা ভূমি উন্নয়ন কর—সবই অনলাইনে সম্পন্ন করা সম্ভব। কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ না হয়ে মানুষ যেন ঘরে বসেই স্মার্ট সেবা গ্রহণ করতে পারে, সেটি নিশ্চিত করাই এই মেলার মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. সুবল চন্দ্র বর্মন এবং কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন। এছাড়াও সেবাগ্রহীতাদের পক্ষে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন চিত্রশিল্পী ভানু লাল দাস, শ্যামল কুমার দাস ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
তিন দিনব্যাপী এই মেলায় স্থাপিত বুথ থেকে সাধারণ মানুষকে সরাসরি ই-নামজারি, হোল্ডিং এন্ট্রি ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের পদ্ধতি হাতে-কলমে শিখিয়ে দেওয়া হচ্ছে। মেলাটি আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
