প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: মেধার স্বীকৃতি পেলেন শাল্লার চার শিক্ষক
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও মেধা বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এর শ্রেষ্ঠ চার শিক্ষক-শিক্ষিকাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। শতভাগ স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠ মূল্যায়নের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিস এই তালিকা প্রকাশ করেছে।
চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কান্তি সিংহ, কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানন বালা সরকার, শান্তিপুর ইসমাইল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সীমান্ত তালুকদার এবং ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহীনূর আক্তার।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ জানান, নির্বাচিত শিক্ষকেরা নিজ নিজ ক্ষেত্রে সততা, দক্ষতা ও সৃজনশীলতার অনন্য স্বাক্ষর রেখেছেন। তাঁদের এই অর্জন অন্য শিক্ষকদেরও শিক্ষার মানোন্নয়নে অনুপ্রাণিত করবে। উপজেলা পর্যায়ে নির্বাচিত এই শিক্ষকরা পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
এদিকে এই গৌরবময় অর্জনে নির্বাচিত শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শীঘ্রই এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিতদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পদক ও সনদপত্র তুলে দেওয়া হবে।
