গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির রহস্যজনক মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিভাস চন্দ্র দাস ওরফে টুনি (২৬) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার হাদারপার বাজারের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত বিভাস চন্দ্র দাস টুনি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মৌরাপুর গ্রামের মৃত গোপেশ চন্দ্র দাসের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে গোয়াইনঘাটের হাদারপার বাজারে স্থানীয় নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যবর্তী কোনো এক সময়ে এই ঘটনা ঘটে। টুনি তার ভাড়া বাসার বাথরুমের ভেতরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখা যায়, তিনি বাথরুমের চালের অ্যাঙ্গেলের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
