বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক ও পুরস্কার বিতরণ
সিলেটের বালাগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার তিনটি পৃথক শিক্ষাপ্রতিষ্ঠানে এই উৎসবমুখর আয়োজন সম্পন্ন হয়।
এদিন সকাল ১০টায় ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ‘দুর্নীতি দমনে আইনই যথেষ্ট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিপক্ষ দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের বিতার্কিকরা হলেন মাইশা খানম, নাজিয়া নিজাম ও শেখ ফারিহা। পক্ষ দলের সনিয়া বেগম, দিতি রানী দাস ও মাহফুজ আহমদ রানার্সআপ হন। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন দিতি রানী দাস। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান মুজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক এ এস এম আনোয়ারুল ইসলাম।
বেলা ১২টায় আব্দুল মতিন মহিলা একাডেমী উচ্চ বিদ্যালয়ে “সম্পদের অপ্রতুলতা নয়, দুর্নীতিই আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা” শীর্ষক ছায়া সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে পক্ষ দল বিজয়ী হয়। বিজয়ী দলের সদস্যরা হলেন হাফিজা বেগম, তানিশা আক্তার তানজিলা ও নাজিফা জান্নাত আরিয়ানা। বিপক্ষ দলের ছানজানা কবির নাবিলা, নাজিরা বেগম ও নাজিফা জান্নাত ফাইজা রানার্সআপ হওয়ার কৃতিত্ব দেখান। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন হাফিজা বেগম। সহকারী শিক্ষক তুহিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ এস এম আনোয়ারুল ইসলাম।
সর্বশেষ দুপুর ২টায় দেওয়ান আব্দুর রহিম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ‘দুর্নীতির মূল কারণ দারিদ্রতা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিপক্ষ দল বিজয়ী হয়। বিজয়ী দলের সদস্যরা হলেন সুরাইয়া বেগম, নুরা বেগম ও মরিয়ম মোবাশ্বিক। পক্ষ দলের ইউমা চৌধুরী, আনিকা বেগম ও জামিয়া বেগম রানার্সআপ হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মরিয়ম মোবাশ্বিক। সহকারী শিক্ষক রিপন চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ এস এম আনোয়ারুল ইসলাম।
পৃথক এসকল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ প্রেসক্লাব সভাপতি জিল্লুর রহমান জিলু, সাংবাদিক এম এ কাদিরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক সচেতনতা সৃষ্টি করা অপরিহার্য। তরুণ প্রজন্মকে সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারলে ভবিষ্যতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন সম্ভব হবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
