দুইদিনের রিমাণ্ডে চোরাকারবারি কালাম
ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরার চালান জব্দের ঘটনায় গ্রেফতার আবুল কালাম আজাদের দুইদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ওসমানীনগর থানার এসআই আমিনুল ইসলাম। তিনি শ্যামল সিলেটকে জানান, গ্রেফতার হওয়া আসামি আবুল কালাম আজাদকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমাণ্ডের আবেদন জানানো হয়। আদালত বুধবার শুনানী শেষে দুইদিনের জামিন মঞ্জুর করেন।
তিনি বলেন, 'কোনো রুট ব্যবহার করে এসব চোরাচালান দেশে আনা হতো এবং এই সিন্ডিকেটের সঙ্গে আর কারা জড়িত, তা নিশ্চিত হতেই আসামিকে রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। যদিও আসামি আবুল কালাম আজাদ চোরাচালানের সঙ্গে আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দেয়। তিনি তাঁর ভাই আব্দুল মুমিনসহ সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে সীমান্ত পথে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় জিরা দেশে এনে বাজারজাত করে আসছিলেন। জব্দ হওয়া ভারতীয় জিরার চালানটি গোয়াইনঘাটের সীমান্ত এলাকা থেকে আনা হয়েছে।
.jpg)
এর আগে ৫ মে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানা পুলিশের একটি বিশেষ দল গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে অভিযান চালায়। আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল হামিদের বসতবাড়িতে পরিচালিত এই অভিযানে বাড়ির বিভিন্ন কক্ষ থেকে ৬০৩ বস্তা (১৮ হাজার ৯০ কেজি) ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা।
অভিযান চলাকালে পালানোর চেষ্টাকালে পুলিশ মো. আবুল কালাম আজাদকে (৪৪) আটক করে।
এ ঘটনায় ওসমানীনগর থানার এসআই আশীষ চন্দ্র বাদী হয়ে আবুল কালাম আজাদ, তাঁর ভাই আব্দুল মুমিন এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এসআই আশীষ চন্দ্র জানিয়েছেন, আটক আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অজ্ঞাতনামা জড়িতদের নাম ও চোরাচালানের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য বেরিয়ে আসতে পারে।
