রিয়াদ-সিলেট সরাসরি ফ্লাইটের দাবি
সৌদি আরবের রিয়াদে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ‘রিয়াদ-সিলেট’ রুটে সরাসরি বিমান ফ্লাইট চালুর লক্ষ্যে এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৭ মে) রিয়াদের একটি অভিজাত রেস্টুরেন্টে ‘রিয়াদ-সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদ’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিষদের আহ্বায়ক আব্দুল আজিজ মাসুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহাম্মদ ওলীউর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেট বিভাগের বিপুল সংখ্যক প্রবাসী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা প্রবাসীদের দুর্ভোগের চিত্র তুলে ধরে বলেন, রিয়াদ থেকে সিলেটে সরাসরি ফ্লাইট না থাকায় বর্তমানে প্রবাসীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কানেক্টিং ফ্লাইটের দীর্ঘসূত্রিতা, অতিরিক্ত খরচ এবং দীর্ঘ সময় অপচয়ের কারণে সাধারণ প্রবাসীরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন। বিশেষ করে অসুস্থ রোগী, বয়স্ক ব্যক্তি এবং শিশুদের নিয়ে ভ্রমণ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা জোর দিয়ে বলেন, রিয়াদ-সিলেট রুটে সরাসরি ফ্লাইট চালু হলে লাখো প্রবাসীর যাতায়াত ব্যয় কমবে এবং সময় সাশ্রয় হবে। এটি সিলেটবাসীর বিলাসিতা নয় বরং ন্যায্য অধিকার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রাণের দাবি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের নীতিনির্ধারণী মহলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। প্রবাসীরা এই বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত উপদেষ্টা হুমায়ুন কবিরের বিশেষ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এবং আধুনিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে, তার ধারাবাহিকতায় সিলেটবাসীর এই দীর্ঘদিনের প্রাণের দাবিটি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়িত হবে!
সভার শেষাংশে রিয়াদ-সিলেট রুটে সরাসরি ফ্লাইট চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। একইসঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করায় সকল প্রবাসী ও সুধীজনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পরিষদের নেতৃবৃন্দ।
