ওসমানীনগরে শনিবার আনজুমানে আল ইসলাহর কর্মী সম্মেলন
আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রাহ.) প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ওসমানীনগর উপজেলা শাখার কর্মী সম্মেলন আগামী ৯ মে শনিবার অনুষ্ঠিত হবে। স্থানীয় গোয়ালাবাজারস্থ শাহজালাল টাওয়ারে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
সম্মেলন সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে একাধিক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। উপজেলাজুড়ে চলছে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ। স্থানীয় আল ইসলাহ নেতৃবৃন্দ এলাকার জনপ্রতিনিধি, শিক্ষাবিদ এবং সর্বস্তরের জনসাধারণের কাছে সম্মেলনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন।
এক যৌথ বিবৃতিতে আনজুমানে আল ইসলাহ ওসমানীনগর উপজেলার সভাপতি মাওলানা এম এ রব ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী কর্মী সম্মেলনে সংশ্লিষ্ট সকলের সরব উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।
