রাজনগরে হাওরে নৌকা ডুবে ধান কাটার শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় কাউয়া দীঘি হাওরে ধান কেটে ফেরার পথে নৌকা ডুবে রঞ্জন বাউরি (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের গুলাইয়া বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রঞ্জন বাউরি কমলগঞ্জ উপজেলার চাতলাপুর চা বাগানের ৪৪ নম্বর পাট্টা এলাকার বাসুদেব বাউরির ছেলে। তিনি পেশায় একজন চা শ্রমিক হলেও বোরো মৌসুমে মৌসুমি কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রঞ্জন বাউরিসহ ৫-৬ জন চা শ্রমিক গত কয়েক বছর ধরে বোরো মৌসুমে রাজনগর উপজেলার মুনিয়ারপাড় গ্রামের আব্দুর রউফ ও আক্কাস আলীর বাড়িতে ধান কাটতে আসতেন। এবারও তারা গত ১৫ দিন ধরে সেখানে অবস্থান করে ধান কাটার কাজ করছিলেন। সোমবার বিকেলে হাওরের গুলাইয়া বিলে ধান কেটে নৌকা বোঝাই করে ফেরার সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা অন্য শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রঞ্জন পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা অন্য একটি নৌকা নিয়ে তাকে উদ্ধার করে দ্রুত রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভুঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
